
মো: রফিকুল ইসলাম,নড়াইল
পবিত্র রমজানের প্রথম দিনে নড়াইলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে মোট ৪৭ হাজার টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে জেলা শহরের রূপগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার দুপুরে বাজার তদারকিমূলক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে রূপগঞ্জ বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পণ্যের মোড়কজাতকরণ বিধি লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধে ‘ফিরোজ ফল ভান্ডার’কে ৫ হাজার টাকা,আলম ফল ভান্ডার’কে ১ হাজার টাকা,আমির হামজা সবজি ভান্ডার’কে ১ হাজার টাকা ও নড়াইল মিষ্টান্ন ভান্ডার কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে আনসার সদস্য ও সংশ্লিষ্টরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। এ বিষয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান বলেন,পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম যাতে সহনশীল থাকে,সে লক্ষ্যে ব্যবসায়ীদের জরিমানা ও সতর্ক করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।