
সোহেল রানা বাবু , বাগেরহাট
গতকাল ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ময়মনসিংহের ফুলপুর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বাগেরহাটের গোটাপাড়া এলাকার কৃতি সন্তান,সেনা সদস্য সার্জেন্ট মোঃ রেজাউল করিমের মরদেহ সামরিক মর্যাদায় নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে রেজাউল করিম এর মরদেহ সেনাবাহিনীর হেলিকপ্টারে করে নিজ গ্রাম গোটাপাড়ায় আনা হয়।
দুপুরে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া এলাকায় হেলিকপ্টারটি অবতরণ করলে সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সহকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও অসংখ্য স্বজন ও শুভাকাংখিরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, গতকাল বুধবার সেনাবাহিনীর ময়মনসিংহগামী ট্রাকের সঙ্গে শেরপুরগামী খান ট্রাভেলসের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও সেনাবাহিনীর গাড়ির সামনে অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় সেনাবাহিনীর ট্রাকচালক সার্জেন্ট রেজাউল করিমকে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃতঃ ঘোষণা করেন।
তিনি মা, স্ত্রী,এক ছেলে, এক মেয়ে,সাত ভাই ও তিন বোন রেখে গেছেন। আট ভাই ও তিন বোন এর মধ্যে সবার ছোট ছিলেন তিনি।
সার্জেন্ট রেজাউল করিমের অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সহকর্মীরা তাকে একজন সাহসী, কর্তব্যপরায়ণ ও সদালাপী ব্যক্তি হিসেবে স্মরণ করেছেন। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
।