
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জাধীন গজনী বন-এর গজনী বিটের গান্ধীগাঁও মৌজার বনভূমিতে অবৈধভাবে গড়ে তোলা তিনটি বসতবাড়ি উচ্ছেদ করেছে বন বিভাগ। একই সঙ্গে অবৈধ দখলদারদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাংটিয়া রেঞ্জের আওতায় চলমান জবরদখল উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বন বিভাগের জমিতে অবৈধভাবে স্থাপিত তিনটি বসতবাড়ি সম্পূর্ণরূপে উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সহকারী বন সংরক্ষক তানভীর আহমেদ। অভিযানে আরও অংশ নেন ফরেস্ট রেঞ্জার মো. সুমন মিয়া ও মো. তহিদুল ইসলাম, ফরেস্টার সালেহীন নেওয়াজ ও ফাহিম মুনতাসীরসহ বন বিভাগের ফরেস্ট গার্ড এবং ইআরটি সদস্যরা।
বন বিভাগ জানায়, সরকারি বনভূমি রক্ষা ও প্রাকৃতিক বন সংরক্ষণের স্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে বনভূমিতে যেকোনো ধরনের অবৈধ দখল ও স্থাপনা নির্মাণের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে ফরেস্ট রেঞ্জার তহিদুল ইসলাম জানান, বনের জমিতে অবৈধভাবে বসতবাড়ি নির্মাণকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।
