
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ঠাকুরগাঁও জেলা ইউনিট কমান্ড। বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমানকে (সেনা) হরিপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জেলা ইউনিট কমান্ডের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নথিপত্র অনুযায়ী, হরিপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের এডহক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সোলেমান গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে কমিটির সাংগঠনিক কাজে শূন্যতা তৈরি হয়। এই সংকট নিরসনে এবং কমান্ডের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমানকে (বেসামরিক গেজেট নং- ১০২৩) এই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁও জেলা ইউনিট কমান্ডের ১৭তম সভার সিদ্ধান্ত মোতাবেক এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. নূর করিম এবং যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আনিছুল হক চৌধুরী।
এই আদেশের অনুলিপি হরিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং উপজেলা সমাজসেবা অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।