সোহেল রানা বাবু, বাগেরহাট
বাগেরহাট প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ তহবিলের সদস্য মরহুম মোঃ রেজাউল করিম রেজা'র মৃত্যুঝুঁকির চেক হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি শেখ আবু সাঈদ শুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সময়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক এবিএম মোশাররফ হোসেন, সাবেক সভাপতি শাহ আলম টুকু, আহাদ হায়দার, মোঃ কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা প্রতিনিয়ত নানা ঝুঁকি নিয়ে সত্য তুলে ধরেন। এমন কল্যাণ তহবিল উদ্যোগ সাংবাদিকদের নিরাপত্তা ও পারিবারিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, সাংবাদিকদের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন এবং প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতা থাকবে।
সভাপতির বক্তব্যে শেখ আবু সাঈদ শুনু বলেন, প্রেসক্লাব সবসময় সদস্যদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি মরহুম রেজাউল করিমের কর্মময় জীবনের কথা স্মরণ করে তার অবদানের কথা তুলে ধরেন।
এ সময়ে বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত ঝুঁকি বিবেচনায় কল্যাণ তহবিলকে আরও শক্তিশালী করা প্রয়োজন। পারস্পরিক সহমর্মিতা ও ঐক্যের মাধ্যমেই সাংবাদিক সমাজ এগিয়ে যেতে পারে।
আলোচনা শেষে মরহুমের পরিবারের সদস্যদের হাতে মৃত্যুঝুঁকির দুই লাখ বাইশ হাজার দুইশত টাকার চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।।