অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও

 

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বরদাস্ত করব না। অপরাধী যেই হোক, যত বড় নেতাই হোক না কেন—দলের সুনাম ক্ষুণ্ণ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আমরা বিন্দুমাত্র দ্বিধা করব না।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঠাকুরগাঁও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর এটিই ছিল নেতাকর্মীদের উদ্দেশে তার প্রথম আনুষ্ঠানিক দিকনির্দেশনামূলক বক্তব্য।

বিজয় পরবর্তী এই সভায় মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের জনগণের সহযোগিতায় এই বিজয় অর্জিত হয়েছে। আমি ভোটারসহ সংশ্লিষ্ট সবার কাছে চিরকৃতজ্ঞ। আপনারা ঠাকুরগাঁওয়ের সম্মান রক্ষা করেছেন, এখন এই সুনাম ধরে রাখার দায়িত্ব আমাদের সবার।

নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বিএনপি মহাসচিব বলেন, এমপি হওয়া মানে যা খুশি তাই করার লাইসেন্স পাওয়া নয়। আইনের বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না। কারো কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে তা সরাসরি জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে আলোচনা করতে হবে। তিনি ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের লক্ষ্যে দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।

নির্বাচনী ফলাফল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫টি কেন্দ্রের মধ্যে ১৮৪টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৬ হাজার ৩০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৯৩৯ ভোট। ৯৭ হাজার ৩৬৯ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়ে নিজের জনপ্রিয়তার প্রমাণ দিলেন এই বর্ষীয়ান রাজনীতিক।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলীসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ