
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর
শেরপুর-১ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে অনুপ্রবেশ ও ব্যালট বই ছিনতাইয়ের অভিযোগে মাসুদ হোসেন সজীব (২৫) নামে এক যুবককে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শেরপুর সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. শাহিদুল ইসলাম জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। সকাল ১০টার কিছু আগে পোলিং এজেন্টের বাইরে অবস্থানরত কয়েকজন ব্যক্তি হঠাৎ করে কেন্দ্রে অনুপ্রবেশ করে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট বই ছিনতাই করে নিয়ে যায়। ছিনতাইকৃত ব্যালট বইয়ের মধ্যে দুটি ছিল জাতীয় সংসদ নির্বাচনের এবং একটি ছিল গণভোটের।
তিনি আরও জানান, ঘটনার পর অভিযান চালিয়ে জাতীয় সংসদ নির্বাচনের একটি ব্যালট বই উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ব্যালট বইটিতে ধানের শীষ প্রতীকের পক্ষে দেওয়া কিছু ভোট পাওয়া গেছে। তবে একটি জাতীয় সংসদ নির্বাচন এবং একটি গণভোটের ব্যালট বই এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
ঘটনার পরপরই বিষয়টি প্রশাসনকে জানানো হলে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত কেন্দ্রে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করে।
আটকদের মধ্যে মাসুদ হোসেন সজীবকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মাহবুবা হক।
উল্লেখ্য, শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ স্থগিত রয়েছে।
তবে শেরপুর-১ (সদর) ও শেরপুর-২ আসনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। সকাল ৭টার আগেই ভোটারদের কেন্দ্রে এসে সারিবদ্ধভাবে দাঁড়াতে দেখা যায়।
সকালে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।