নির্বাচনী ব্যস্ততার মাঝেও সীমান্তে সক্রিয় ফেনী বিজিবি

নিজস্ব সংবাদদাতা:

​ফেনীর সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান বিরোধী পৃথক অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও ভারতীয় গরুসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) জেলার পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বর্তমানে বিজিবি সদস্যরা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকলেও সীমান্ত সুরক্ষায় তাদের নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

​ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে পরশুরাম উপজেলার সীমান্তবর্তী দুবলার চাঁদ এলাকায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। বিজিবির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ছয় পিস ইয়াবা, একটি দেশীয় অস্ত্র (দা) ও দুটি মোবাইল ফোনসহ দুইজনকে আটক করতে সক্ষম হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ৬ হাজার ৬০০ টাকা। আটক ব্যক্তিরা হলেন—পরশুরাম থানার দুবলার চাঁদ গ্রামের মৃত অহিদুর রহমানের ছেলে মো. সেলিম (৩৭) এবং একই থানার খন্দকিয়া গ্রামের মৃত কোরমান আলীর ছেলে মো. রুবেল (২৭)। জব্দকৃত মালামাল ও আটককৃতদের পরবর্তী আইনি কার্যক্রমের জন্য পরশুরাম মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

​অন্যদিকে, একই দিন বিকেল ৪টার দিকে ছাগলনাইয়া উপজেলার দেবপুর সীমান্তবর্তী সত্যনগর এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা দুটি গরুসহ আরও দুই চোরাকারবারিকে আটক করা হয়। জব্দকৃত গরুর আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা। এ ঘটনায় আটককৃতরা হলেন—ছাগলনাইয়া থানার পূর্ব দেবপুর গ্রামের তাজ মোহাম্মদের ছেলে মো. রফিক (৩৪) এবং একই থানার জয়নগর গ্রামের আ. মান্নানের ছেলে রানা আলী। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

​ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোশারফ জানান, বিজিবি সদস্যরা বর্তমানে নির্বাচনী দায়িত্বে মোতায়েন রয়েছেন। তবে এর পাশাপাশি সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদক পাচার প্রতিরোধ, চোরাচালান বন্ধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে ব্যাটালিয়নের আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা সমান গুরুত্ব দিয়ে চালানো হচ্ছে। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এই কঠোর নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ