
সোহেল রানা বাবু,বাগেরহাট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম ঘোড়া প্রতীক নিয়ে বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে রাত পর্যন্ত সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতী এলাকা, বাদোখালী বাজার, বাখরগঞ্জ বাজার, হদ্বেরহাট বাজার, কোড়ামাড়া বাজার, কুলিয়াদাইড়, দড়াটানা ব্রিজ সংলগ্ন এলাকা এবং বাগেরহাট মারিয়া পল্লীতে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা করেন ও ঘোড়া প্রতীকে ভোট চান তিনি।
এ সময় বক্তব্যে এম এ এইচ সেলিম বলেন,আমি যদি এমপি হতে পারি, তাহলে বাগেরহাট থেকে সব দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের দল থেকে বের করে দেবো। বর্তমানে কিছু দুষ্কৃতকারী দলে ঢুকে দলের নাম নষ্ট করছে। আমি ঘোড়া মার্কা নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছি। আপনারা যদি বাগেরহাটের উন্নয়ন চান এবং আমাকে যোগ্য মনে করেন, তাহলে ভোট দিয়ে পাশে থাকবেন।
.
ভোট হচ্ছে আপনাদের মৌলিক অধিকার। আপনারা যাকে খুশি তাকেই ভোট দেবেন। আপনার এলাকার কাজ কীভাবে হবে, তা আপনারাই ভালো জানেন।যাকে যোগ্য মনে করবেন তাকেই নির্বাচিত করবেন।আর আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি আগামী পাঁচ বছর আপনাদের সেবা করতে চাই, যাতে দুষ্কৃতকারীদের বিচার করা যায়। যে যে এলাকায় পানির যে সংকট রয়েছে, সেটাও আমার মাথায় আছে।
আল্লাহ চাইলে এবং আপনারা পাশে থাকলে আমি আপনাদের সঙ্গে থাকব।আর আমি কোনো প্রতিশ্রুতি দিতে পারছি না, কারণ প্রতিশ্রুতি দিলে আচরণবিধি লঙ্ঘন হবে। তবে আগে আপনারা আমাকে পাঁচ বছর সুযোগ দিয়েছিলেন আমি অনেক কাজ করেছি, যা আপনারা জানেন ।শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। জাতিকে শিক্ষিত করতে পারলে দেশ এগিয়ে যাবে।
আপনারা জানেন এ অঞ্চলের বহু শিক্ষার্থী বেলায়েত হোসেন ডিগ্রী কলেজে পড়াশোনার সুযোগ পাচ্ছে। যদি নির্বাচিত হতে পারি, আল্লাহর রহমত ও আপনাদের সহযোগিতায় বাগেরহাটে এমন একটি আধুনিক হাসপাতাল করবো, যা বিশ্বের বড় বড় হাসপাতালের মানের হবে।।