
কুমিল্লা সংবাদদাতা।।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লার চান্দিনায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সরকারি জায়গা দখল করে গড়ে তোলা ওই নির্বাচনী কার্যালয় উচ্ছেদ করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের বাড়েরা বাজার এলাকায় ‘কলস’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলমের নির্বাচনী অফিসে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিএনপি’র প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছবি সম্বলিত ব্যানার প্রদর্শনের প্রমাণ পাওয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সময়ে সরকারি জায়গা দখল করে নির্বাচনী কার্যালয় স্থাপন করায় ভ্রাম্যমাণ আদালত কার্যালয়টি ভেঙে দেয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর জানান, সরকারি জমি দখল করে নির্বাচনী কার্যালয় নির্মাণ করায় সংশ্লিষ্টদের একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু সতর্কবার্তা উপেক্ষা করায় আইনানুগ ব্যবস্থা নিতে হয়েছে।
তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ নেত্রীর ছবি সম্বলিত ব্যানার টানানো ছিল, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণে প্রার্থীকে আর্থিক জরিমানা করা হয়েছে।