
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর প্রাক্কালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফেনী জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ১৮ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) থেকে জেলার তিনটি সংসদীয় আসনের আওতাধীন ছয়টি উপজেলায় বিজিবি সদস্যদের টহল ও নজরদারি কার্যক্রম শুরু হয়েছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোশারফ জানান, সীমান্ত সুরক্ষা ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোতায়েনকৃত প্লাটুনগুলো নির্বাচনী এলাকায় পাঁচটি অস্থায়ী বেইজ ক্যাম্পে অবস্থান করবে। সেখান থেকে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ‘রোভাস্ট পেট্রোলিং’ বা জোরদার টহল এবং অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হবে। মূলত ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ ভোটারদের নির্বিঘ্ন চলাচলের পরিবেশ তৈরি করাই এই মোতায়েনের অন্যতম লক্ষ্য।
নিরাপত্তা পরিকল্পনার কৌশলগত বিন্যাস অনুযায়ী, ফেনী জেলার সীমান্তবর্তী তিনটি উপজেলায় বিজিবি এককভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। অন্যদিকে, অপর তিনটি উপজেলায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে নির্বাচনী মাঠের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন বিজিবি সদস্যরা।
নির্বাচন ও গণভোট চলাকালীন কোনো অপরাধী চক্র বা দুষ্কৃতকারী যাতে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কবস্থায় রয়েছেন। এছাড়া সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় জনসাধারণকে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে এবং সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত জনসচেতনতামূলক সভা ও সংযোগ কার্যক্রম পরিচালনা করছে সীমান্ত রক্ষী বাহিনীটি।