মুহাম্মদ আবু হেলাল, শেরপুর
শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতে আটক দুই বাংলাদেশি যুবককে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২৪ জানুয়ারি) সকালে সীমান্ত জনপদের দিঘলাকোনা এলাকার ১০৯০ নম্বর সীমান্ত পিলারের জিরো পয়েন্টে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের সমন্বয়ে আয়োজিত পতাকা বৈঠকে তাদের হস্তান্তর করা হয়।
পতাকা বৈঠকে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পক্ষে নেতৃত্ব দেন নকশী বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার ফুল মিয়া। অপরদিকে ভারতীয় ৫০ বিএসএফ ব্যাটালিয়নের গুঞ্জনপাড়া ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার বৈঠকে অংশ নেন। এ সময় শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ, উপপরিদর্শক মোরশেদ আলমসহ বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ফেরতকৃত যুবকরা হলেন, বকশীগঞ্জ উপজেলার পলাশতলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আব্দুল করিম (৩৫) এবং শ্রীবরদী উপজেলার চান্দাপাড়া গ্রামের নুরুজ্জামানের ছেলে কামাল মিয়া (৩২)।
জানা যায়, গত ১৯ জানুয়ারি দিবাগত রাতে তারা ১০৯০ নম্বর সীমান্ত পিলার অতিক্রম করে ভারতের মেঘালয় প্রদেশের তুরা জেলার গুঞ্জনপাড়া ক্যাম্পের অধীনস্থ পাহাড়ি গ্রাম তিগরিতে অবৈধভাবে অনুপ্রবেশ করেন। স্থানীয় গ্রামবাসী তাদের আটক করলে পরবর্তীতে বিএসএফ সদস্যরা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। দুই দেশের মধ্যে যোগাযোগের পর আনুষ্ঠানিক পতাকা বৈঠকের আয়োজন করা হয়। শনিবার সকালে ৫০ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ গুঞ্জনপাড়া বিএসএফ ক্যাম্প ও কর্ণজোড়া বিজিবি ফাঁড়ির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে আটক দুই বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
৩৯ বিজিবির নকশী কোম্পানি কমান্ডার সুবেদার ফুল মিয়া জানান, আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে বিএসএফ আটক দুইজনকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। পরবর্তীতে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে তাদের শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।
শ্রীবরদী থানার উপপরিদর্শক মোরশেদ আলম বলেন, আটকৃত দুইজনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।