
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে ডিএসসি ফেনীর একটি রেইডিং টিম। বুধবার (২১ জানুয়ারি, ২০২৬) সকাল ৯টা থেকে সাড়ে ৯টার দিকে মুহুরীগঞ্জ এলাকার সুলতানা ফিলিং স্টেশনের সামনে এই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির নাম মো. শহীদ উল্লাহ (৪৫)।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএসসি ফেনীর রেইডিং টিম জানতে পারে যে, ওই মহাসড়ক দিয়ে মাদকের একটি চালান পাচার হচ্ছে। তথ্যের সত্যতা যাচাইয়ে অভিযানকারী দলটি মহাসড়কের পূর্ব পাশে সুলতানা ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেয়। এ সময় ‘চয়েস’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজিঃ ঢাকা মেট্রো-ব-১৪-৪৮৪৭) থামিয়ে তল্লাশি শুরু করা হয়। তল্লাশিকালে বাসের যাত্রী মো. শহীদ উল্লাহর কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।
আটক মো. শহীদ উল্লাহ ফেনী জেলার ছাগলনাইয়া থানার ১০নং গোপাল ইউনিয়নের ১নং ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের সিংহনগর এলাকার (সরদার বাড়ি) মৃত ফরিদ আহম্মদ ও আমেনা খাতুন দম্পতির ছেলে।
এ ঘটনায় ছাগলনাইয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন উপ-পরিদর্শক (এসআই) ইশতিয়াক হোসেন। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।