
শাহীন সুলতানা:
দি ডেইলি ভয়েজ অব এশিয়া পত্রিকার কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুকের দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের আরব আলীর চক বাজারে মরহুমের নামাজে জানাজা শেষে স্থানীয় বড় ছয়সূতী কবরস্থানে তাঁর মরদেহের দাফন করা হয়।
নামাজে জানাজায় অংশগ্রহণ করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আলী, দৈনিক প্রথম আলো স্টাফ রিপোর্টার সুমন মোল্লা, ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মোহাম্মদ ইকবাল হোসেন, সাবেক চেয়ারম্যান মো. কামরুল ইসলাম, ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সালাহ উদ্দিন মোর্শেদ নিজামী বাবুল, সাধারণ সম্পাদক মো. মোসলিম উদ্দিন রতন, সমকাল প্রতিনিধি মোহাম্মদ হারুন চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মুহাম্মদ কাইসার হামিদ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরীফুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাইন উদ্দিন, সাংবাদিক লোকমান হোসাইন, মো. সালাহ উদ্দিন, সজীব আহমেদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক, জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
আহমেদ ফারুক ১৮ জানুয়ারি রোববার বিকাল ৩টার দিকে টাঙ্গাইল মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে ৫ ছেলে নাতি নাতনিসহ অসংখ্য সহকর্মী, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, কুলিয়ারচর প্রেসক্লাবের আহবায়ক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার সুমন মোল্লা, ভৈরব প্রেসক্লাবের আহবায়ক মোস্তাফিজ আমিন, সদস্য সচিব সোহেলুর রহমান, কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাবেক সভাপতি মুহাম্মদ কাইসার হামিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাইন উদ্দিন ও সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মোছা. শরীফুন নেছা শুভ্রা পৃথক ভাবে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আহমেদ ফারুক ঢাকা সবুজবাগ এলাকার লক্ষ্মীগঞ্জে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মৃত আব্দুল জব্বার ও মাতার নাম মৃত আনোয়ারা জব্বার। তিনি অসুস্থ হওয়ার পর গত ১১জানুয়ারি তাঁকে টাঙ্গাইল মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে ১৮ জানুয়ারি রোববার বিকাল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তাঁর কর্মময় জীবনে তিনি জাতীয় দৈনিক বাংলাবাজার, দৈনিক যায়যায়দিন, দি ডেইলি নিউজ টুডে পত্রিকাসহ আরো একাধিক জাতীয় দৈনিক ও ইংরেজি পত্রিকায় কাজ করেছেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন মরহুমের বড় ছেলে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্র প্রতিনিধি ও দৈনিক ইনকিলাব পত্রিকার কুলিয়ারচর প্রতিনিধি আহমেদ সিফাত।