শাক দিয়ে মাছ ঢাকা নয়, টেকসই সংস্কার এখন সময়ের দাবি

মোঃ আবেদ আহমেদ- বিশেষ সংবাদদাতা।।

 

শ্রীমঙ্গল উপজেলার ৪ নং সিন্দুরখান ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দিঘীরপাড় গ্রামের প্রধান সড়কের বেহাল দশা দীর্ঘদিন ধরে এলাকাবাসীর নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। বছরের পর বছর সংস্কারের অভাবে রাস্তাটি বর্ষা মৌসুমে সামান্য অতিবৃষ্টিতেই ভেঙে পড়ে, চলাচলের অনুপযোগী হয়ে ওঠে।
স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর একই চিত্রের পুনরাবৃত্তি হলেও স্থায়ী কোনো সমাধান নেই। বিশেষ করে স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাদা, ভাঙা রাস্তা ও পানি জমে থাকার কারণে নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে তাদের পড়াশোনায়।
গত ছয় থেকে সাত মাস ধরে এই গ্রামের প্রায় ৩০ থেকে ৪০টি পরিবার কার্যত অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে। জরুরি প্রয়োজনে যাতায়াত, অসুস্থ রোগী পরিবহন কিংবা নিত্যপ্রয়োজনীয় কাজে বের হওয়াও কষ্টসাধ্য হয়ে উঠেছে। অথচ স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।
এলাকাবাসী আরও জানান, নির্বাচন এলেই নানা প্রতিশ্রুতি দেওয়া হয়। উন্নয়নের আশ্বাস, দ্রুত সংস্কারের কথা শোনা যায়। কিন্তু নির্বাচন শেষ হলে সেই প্রতিশ্রুতির আর কোনো বাস্তবতা থাকে না। বারবার প্রতিশ্রুতি ভঙ্গ যেন একটি নিয়মে পরিণত হয়েছে।
স্থানীয়রা স্পষ্টভাবে জানিয়েছেন, তারা আর লোক দেখানো বা অস্থায়ী সংস্কার চান না। “শাক দিয়ে মাছ ঢাকা” ধরনের কাজ নয়, এই রাস্তার স্থায়ী ও টেকসই সংস্কার এখন সময়ের দাবি। তাদের দাবি, আসন্ন নির্বাচনের আগেই এই এলাকার রাস্তা স্থায়ীভাবে সংস্কার করতে হবে।২০২৬ সালে এসেও এমন একটি দৃশ্য দেখতে হওয়াকে লজ্জাজনক ও হতাশাজনক বলে মনে করছেন স্থানীয়রা।

তাদের প্রশ্ন, বছরের পর বছর একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক কীভাবে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত থাকে। এ বিষয়ে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও লজ্জাবোধ থাকা উচিত বলেও মন্তব্য করেছেন তারা।
দিঘীরপাড় গ্রামের সাধারণ মানুষের একটাই দাবি—দ্রুত সময়ের মধ্যে এই রাস্তাটির স্থায়ী সংস্কার নিশ্চিত করা হোক, যাতে তারা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ