মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনী সীমান্তে একই দিনে মানবিক সহায়তা ও কঠোর নজরদারির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী পৃথক অভিযানে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) একদিকে যেমন অসহায় মানুষের দ্বারে পৌঁছে দিয়েছে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র, অন্যদিকে কঠোর হাতে দমন করেছে সীমান্ত অপরাধ। এদিন চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ করা হয়।
ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টায় ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ যশপুর এলাকায় একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। দুর্গম সীমান্তবর্তী এই জনপদের সুবিধাবঞ্চিত মানুষেরা বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী গ্রহণ করেন। হাড়কাঁপানো শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে একই কর্মসূচির আওতায় ছাগলনাইয়ার যশপুর এবং ফুলগাজী উপজেলার খেজুরিয়া, বসন্তপুর ও দেবীপুর এলাকার শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন বিজিবি সদস্যরা।
অন্যদিকে, মানবিক কার্যক্রমের পাশাপাশি সীমান্তের নিরাপত্তা রক্ষায় কোনো ছাড় দেয়নি বাহিনীটি। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত টহল অভিযানে পাচারকারীদের রুখে দেয় বিজিবির আভিযানিক দল। এ সময় ১৫ কেজি গাঁজা, ভারতীয় চকলেট এবং গরু জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৫২ হাজার ২৬০ টাকা। বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মালামাল আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস ও থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা আপোষহীন। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একইসঙ্গে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা মহামারিতে সীমান্তবর্তী মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করে যাবে বিজিবি।