মোহাম্মদ আবু দারদা, ফেনী।
যক্ষ্মা রোগ নির্ণয় ত্বরান্বিত করতে এবং স্বাস্থ্যসেবা প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দিতে ফেনী জেলার পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)-এর সহযোগিতায় বিনামূল্যে 'পোর্টেবল চেস্ট এক্স-রে' সেবা কার্যক্রম চালু করা হচ্ছে। জনস্বাস্থ্য উন্নয়নে গৃহীত এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় বাসিন্দারা নির্দিষ্ট দিনে নিজ নিজ উপজেলাতেই এই বিশেষায়িত সেবা গ্রহণ করতে পারবেন।
সপ্তাহের পাঁচটি কর্মদিবসে পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন উপজেলায় এই সেবা প্রদান করা হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রতি সপ্তাহের রবিবার ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সোমবার পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কার্যক্রম চলবে। এছাড়া প্রতি মঙ্গলবার ফুলগাজী, বুধবার দাগনভুইয়া এবং বৃহস্পতিবার সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে রোগীরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
মূলত যক্ষ্মা রোগী শনাক্তকরণ ও দ্রুত চিকিৎসার আওতায় আনাই এই কর্মসূচির প্রধান লক্ষ্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় জানানো হয়েছে, এই সেবাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয়, বরং নির্দিষ্ট কিছু লক্ষণের ভিত্তিতে প্রদান করা হবে। যেসব ব্যক্তি সন্দেহভাজন যক্ষ্মা রোগী অথবা যারা দুই থেকে তিন সপ্তাহ বা তার অধিক সময় ধরে অবিরাম কাশিতে ভুগছেন, শুধুমাত্র তারাই এই কর্মসূচির আওতাভুক্ত হবেন।
জনগুরুত্বপূর্ণ এই স্বাস্থ্যসেবা কার্যক্রম সফল করতে এবং যক্ষ্মা নিয়ন্ত্রণে স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দীর্ঘমেয়াদী কাশিতে আক্রান্ত রোগীদের কালক্ষেপণ না করে নির্ধারিত দিনে নিজ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।