
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)
নেত্রকোণার কেন্দুয়ায় শীতার্তদের হাতে হাতে কম্বল তুলে দিলেন অবসরপ্রাপ্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. মুখলেছুর রহমান।
শনিবার (১০ জানুয়ারি) উপজেলার পৌরসভাধীন তাঁর নিজ বাসভবন রেখা মঞ্জিলে পৌরসভার ৯ টি ওয়ার্ডের প্রায় সাড়ে ৩”শ সুবিধাবঞ্চিত শীতার্তদের মধ্যে তিনি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
শীতবস্ত্র (কম্বল) পেয়ে সুবিধাভোগীরা বলেন, এই একটা কম্বলেই তীব্র শীতের সাথে মোকাবেলা করা সম্ভব না হলে তিনি যে আমাদের মতো সুবিধাবঞ্চিত শীতার্তদের কথা চিন্তা করে আজকে আমাদের হাতে কম্বল তুলে দিয়েছেন এতে আমরা কৃতজ্ঞ। মহান আল্লাহর কাছে ওনার জন্য এবং তাঁর পরিবারের জন দোয়া করি। এছাড়াও তিনি প্রতি রোজার ঈদেও শাড়ি লুঙ্গি আমাদের উপহার দেন। সমাজের যাঁরা আরও বিত্তবান আছেন তাঁরাও যদি অসহায়দের প্রতি এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে আমাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।
অবসরপ্রাপ্ত সরকারি উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. মুখলেছুর রহমান বলেন, এগুলো আসলে দান নয় তাদের হক। আমার অর্জিত ধন-সম্পদের একটা অংশ ইসলামের বিধান অনুযায়ী গরীব, দুঃখী, অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষদের হাতে তুলে দেয়ার চেষ্টা করি মাত্র। যতদিন বেঁচে থাকি তাদের পাশে থেকে সেবার চেষ্টা করবো।
মো. মুখলেছুর রহমান কেন্দুয়া পৌরসভাধীন ৪নং ওয়ার্ডের টেঙ্গুরী হরিয়ামালা গ্রামের বাসিন্দা। তাঁর দুই মেয়ে ডাক্তার, বড় মেয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং একমাত্র ছেলে কলেজের শিক্ষার্থী। তিনি জানান আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে।