
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক নিবাসে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ফেনী-৩ আসনে দলটির মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। সভাপতিত্ব করেন ফেনী-১ আসনের ধানের শীষের প্রার্থী রফিকুল ইসলাম মজনু।
দিনব্যাপী এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ফেনী-২ আসনের ধানের শীষের প্রার্থী জয়নাল আবেদীন ভিপি। এছাড়া কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় গ্রাম বিষয়ক সম্পাদক বেলাল আহমদ, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী এবং সদস্য সচিব আলাউদ্দিন আলাল।
স্থানীয় নেতৃত্বের পাশাপাশি বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরাও এই আয়োজনে অংশ নেন। এছাড়া সাবেক পরশুরাম পৌরসভার মেয়র আবু তালেব, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ মজুমদার, সিরাজুল ইসলাম মন্টু, আখতারুজ্জামান আজিজ, মাস্টার আবুল খায়ের এবং দপ্তর সম্পাদক (চলতি দায়িত্ব) ইয়াসিন মাহমুদ মজুমদার উপস্থিত ছিলেন।
তৃণমূল নেতাদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য শামসুল হক শহীদ ও ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মনির আহমদ অনুষ্ঠানে যোগ দেন। সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমদ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহীন, যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন পাটোয়ারী ও ইসমাইল হোসেন টিপু। ছাত্রদলের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইউসুফ ও সদস্য সচিব আব্দুল আলিম বাবু।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়। দোয়া মাহফিল শেষে দুপুরে প্রায় আট হাজার মানুষের জন্য গণভোজের আয়োজন করা হয়, যা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।