
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)
তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। হাড় কাঁপানো তীব্র শীতে বিপাকে পড়েছে কোমলমতি শিশু শিক্ষার্থীরা। এমনই একটি চিত্র বাস্তবে দেখা গেছে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বৈরাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
সোমবার (৫ জানুয়ারি) পৌনে ১২ টার দিকে ওই বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিশু শিক্ষার্থীদের নিয়ে আগুন পোহাচ্ছেন।
শিক্ষার্থীরা খড়কুটো ও পরিত্যক্ত কাগজপত্র ঠুকিয়ে তাতে আগুন দেয়। প্রচন্ড ঠান্ডা ও কুয়াশার মধ্যে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হলেএ স্বাভাবিকভাবে শ্রেণিকক্ষে বসে পাঠদান গ্রহণ করতে পারছে না শিক্ষার্থীরা।
গত কয়েকদিন ধরেই শীতের তীব্রতা বেড়েছে। অনেক শিক্ষার্থীর পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় ক্লাস চলাকালে অসুস্থ হওয়ার আশঙ্কাও রয়েছে। এ অবস্থায় বিদ্যালয়ের সামনেই আগুন জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টা করছে তারা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আল্লামা ইকবাল বলেন, তীব্র শীতের মধ্যেও শিশু শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসছে যদিও এখনো পুরোদমে ক্লাস শুরু হয়নি নতুন বছরের শুরু। তীব্র শীত থেকে কিছুটা স্বস্তি পেতে তারা স্কুলের সামনেই আগুন পোহাচ্ছে।
কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল ইসলাম বলেন, সারাদেশে তীব্র শীত থাকলেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের পাঠদান বন্ধে সরকারি কোন নির্দেশনা নেই ।
শীতের তীব্রতা থাকলেও শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনা করে শিক্ষকদের উচিত এরকম বিষয়ে সচেতন হওয়া। যদি এরকমটা হয়ে থাকে তাহলে ওই বিদ্যালয়ের শিক্ষকদের এ-সব বিষয়ে সচেতন হওয়ার জন্য নির্দেশনা দেয়া হবে তা-না হলে শিক্ষার্থীরা আগুন পোহাতে গিয়ে হৈ-হুল্লোড় করে দুর্ঘটনায় পড়তে পারে।