
ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা প্রশাসনিক ভবনের নিচতলায় হিসাবরক্ষণ অফিসে জানালার লক ভেঙে ভেতরে থাকা দুটি কম্পিউটারের মনিটর চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (০৩ জানুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। রোববার (০৪ জানুয়ারি) সকালে অফিস খোলার পর চুরির বিষয়টি নজরে আসে।
কার্যালয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দাপ্তরিক কাজ শেষে কর্মকর্তা-কর্মচারীরা অফিস কক্ষ তালাবদ্ধ করে যে যার মতো চলে যান। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কার্যালয় বন্ধ ছিল।
রোববার সকালে অফিস সহায়ক রেজাউল করিম কার্যালয়ে এসে কক্ষের দরজা খোলার পর জানালার পর্দাগুলো এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে লক্ষ্য করে দেখেন, জানালার লক ভাঙা এবং অফিসের দুটি ডেস্কে থাকা কম্পিউটারের মনিটর নেই। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি অফিসের অন্য কর্মকর্তাদের জানান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল হালিম বলেন, আমি বর্তমানে নলডাঙ্গা ও বাগাতিপাড়া দুই উপজেলার দায়িত্বে আছি। আজকে নলডাঙ্গায় আছি। অফিসের স্টাফদের মাধ্যমে চুরির বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশের পরামর্শে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উপজেলা চত্বরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করেন এই কর্মকর্তা।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলাউদ্দিন বলেন, পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। পুলিশ এসে দেখে গেছে। সিসিটিভি ফুটেজ দেখে সনাক্তের চেষ্টা চলছে এবং পরে এ বিষয়ে মামলা হবে বলে তিনি জানান।