মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার লিটল ফ্লাওয়ার কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক মেহেদি হাসানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন শিক্ষক,কর্মচারী ও অভিভাবকেরা।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে লোহাগড়ার দিননাথপাড়া বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক তানিয়া খানম, মিলন জমাদ্দার (মিন্টু), সাবিয়া, রুপা, সাদিয়া, লিবিয়া, রাজু ও সোনিয়া।
এ সময় উপস্থিত ছিলেন,অভিভাবক ও বিদ্যালয়ের আয়া সবুরা বেগমসহ আরো অনেকে। বক্তারা বলেন,লিটল ফ্লাওয়ার কিন্ডার গার্টেন স্কুলটি ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়ের পরিচালক মেহেদি হাসান নানা ধরনের অনিয়ম ও দুর্নীতিতে জড়িত রয়েছেন। শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে তিনি প্রায়ই অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ করা হয়।
মানববন্ধনে আরও বলা হয়,গত সাত বছরে বিদ্যালয়ের আয় প্রায় ১৯ লাখ টাকা হলেও সেই অর্থের কোনো স্বচ্ছ হিসাব নেই।অভিযোগকারীদের দাবি,এই অর্থ পরিচালক আত্মসাৎ করেছেন এবং শিক্ষকদের বেতন-ভাতা নিয়মিত ও যথাযথভাবে পরিশোধ করা হয় না।
প্রধান শিক্ষক তানিয়া খানম বলেন,“আমি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছি। কোনো কারণ না জানিয়ে আমাকে ওই পদ থেকে সরিয়ে পরিচালকের স্ত্রীকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর কারণ জানতে চাইলে আমাকে হুমকি দেওয়া হয়।
জানাগেছে,অভিযুক্ত পরিচালক স্থানীয় এল,এস,জে,এন ইউনিয়ন ইনিস্টিউট স্কুলের সহকারী শিক্ষক পদে দায়িত্ব পালন করেও নিয়ম অনুযায়ী এক স্কুলে চাকরি করে অন্য প্রতিষ্ঠানে দায়িত্ব নেওয়া যায়না। সে রীতিমতো এলাকায় শিক্ষা বানিজ্য করে চলেছেন তিনি। তার হাত থেকে স্কুল বাচাতে স্থানীয়দের এ মানববন্ধন।
এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষক ও অভিভাবকেরা।
তবে এসব অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের পরিচালক মেহেদি হাসান বলেন,“আমি নিজের অর্থায়নে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছি। কাকে নিয়োগ দেব বা দেব না, সেটি আমার একান্ত সিদ্ধান্তের বিষয়।
বিদ্যালয়ের উন্নয়নসহ যাবতীয় খরচ আমি নিজেই বহন করি। শিক্ষকদের বেতন-ভাতাও নিয়ম অনুযায়ী দেওয়া হয়।