
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা।
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নিজের নামে ইস্যুকৃত অস্ত্রের গুলিতে বিজিবি সিপাহী মোঃ নাসিম উদ্দিন আত্মহত্যা করেছেন বলে পুলিশ সুত্রে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতি বার দিবাগত রাত ১২ টা বেজে ৪৫ মিনিটে। নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
১৫ বিজিবি লালমনিরহাটের অধীন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গংগারহাট সীমান্ত ফাঁড়ির জেসিও নং-৯৫৪৬ সুবেদার মোঃ জাহাঙ্গীর হোসেন কর্তৃক ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ বরাবরে আবেদনের সুত্রে জানা গেছে,১৫ বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়নের অধীন গংগারহাট সীমান্ত ফাঁড়িতে কর্মরত সিপাহী মোঃ নাসিম উদ্দিন (২৩) বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা থেকে শুক্রবার সকাল ৭ টা পর্যন্ত নিয়মিত ডিউটির জন্য ইউনিফরম পরিধান করে বের হন। পরে তিনি তার নামে ইস্যুকৃত অস্ত্র নিয়ে নিজ কর্মস্থল গংগারহাট সীমান্ত ফাঁড়ির সৈনিক ব্যারাকের পূর্বপাশে গিয়ে বাউন্ডারির ভেতর নিজের শরীরে এক রাউন্ড গুলি ফায়ার করলে বুকের ডান পাশে লাগে এতে তিনি অচেতন হয়ে পড়েন।
পরে বিজিবির সদস্যরা তাকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সিপাই মোঃ নাসিম উদ্দিন ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের মোঃ বাবুল মন্ডলের ছেলে।
এব্যাপারে ১৫ বিজিবি লালমনিরহাট সুবেদার মোঃ জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। মামলা নঃ- ০১/২৬
এব্যাপারে ফুলবাড়ী থানার ডিউটি অফিসার মোঃ মনজুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত বিজিবির সদস্যকে ময়না তদন্তের জন্য শুক্রবার সকালে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।