
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এর মধ্যে সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত ২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও-১ আসনে ৩ জন, ঠাকুরগাঁও-২ আসনে ১০ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১১ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ঠাকুরগাঁও জেলা সভাপতি ডা. হাফেজ মোহাম্মদ খাদেমুল ইসলাম।
ঠাকুরগাঁও-২ আসনে ১০ জনের মধ্যে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী ও ড্যাবের সাবেক মহাসচিব ডা. আব্দুস সালাম, বিএনপির স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জেড মর্তুজা চৌধুরী তুলা, জামায়াতের মাওলানা আব্দুল হাকিম, জাতীয় পার্টির নূরুন নাহার বেগম, গণঅধিকার পরিষদের ফারুক আহম্মদ, ইসলামী আন্দোলনের মোহাম্মদ রেজাউল করিম, এবি পার্টির মো. নাহিদ রানা এবং সিপিবির মো. সাহাবুদ্দিন আহমেদ।
অন্যদিকে ঠাকুরগাঁও-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ১১ জন। এর মধ্যে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন— বিএনপির সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, জাতীয় পার্টির মো. হাফিজ উদ্দীন, জামায়াতের মিজানুর রহমান, গণঅধিকার পরিষদের মামুনুর রশিদ মামুন, সিপিবির প্রভাত সমীর শাহজাহান আলম, ইসলামী আন্দোলনের মো. আল আমিন, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির কমলা কান্ত রায়, বাংলাদেশ মুসলিম লীগের এস. এম. খলিলুর রহমান, বাংলাদেশ সুপ্রিম পার্টির আবুল কালাম আজাদ এবং একমাত্র নারী ও স্বতন্ত্র প্রার্থী মোছা. আশা মনি।
জেলা নির্বাচন কর্মকর্তা আরও জানান, ২৯ ডিসেম্বর বিকেল ৫টার মধ্যে জেলার তিনটি আসনে মোট ২১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।