চান্দিনায় মনোনয়ন নয়, উন্মোচিত হলো রাজনীতির গভীর ফাটল

আলিফ মাহমুদ কায়সার, কুমিল্লা

 

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে মনোনয়নপত্র জমার শেষ দিনে যে চিত্র উঠে এসেছে, তা কোনোভাবেই স্বস্তিকর নয়। সাত প্রার্থীর পক্ষে নয়টি মনোনয়নপত্র—এই সংখ্যার ভেতরেই লুকিয়ে আছে রাজনীতির গভীর সংকট, দলীয় শৃঙ্খলার ভাঙন এবং নেতৃত্বের ব্যর্থতা।বিশেষ করে বিএনপির অবস্থান এখানে প্রশ্নের মুখে।।

দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী ড. রেদোয়ান আহমেদের একাধিক মনোনয়নপত্র জমা দেওয়ার ঘটনা যেখানে অনাস্থা ও অনিশ্চয়তার বার্তা দেয়, সেখানে উপজেলা বিএনপির সভাপতির বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে নামা সরাসরি দলীয় নিয়ন্ত্রণহীনতার প্রমাণ।

এটি আর ‘গণতান্ত্রিক বহুমত’ নয়—এটি স্পষ্টতই সাংগঠনিক দুর্বলতা।চান্দিনা বিএনপির রাজনীতি দীর্ঘদিন ধরেই অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত।

মনোনয়ন প্রক্রিয়ায় সেই দ্বন্দ্বের কোনো সমাধান না হয়ে বরং তা প্রকাশ্য নির্বাচনী সংঘাতে রূপ নিচ্ছে। প্রশ্ন হলো—দল কি নিজের ঘর সামলাতে পারছে? নাকি ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির কাছে দলীয় শৃঙ্খলা বারবার আত্মসমর্পণ করছে?ড. রেদোয়ান আহমেদ অভিজ্ঞ রাজনীতিক—এ নিয়ে বিতর্ক নেই।

কিন্তু রাজনীতিতে অভিজ্ঞতাই শেষ কথা নয়। পরিবর্তিত ভোটার মানসিকতা, তরুণ ভোটারদের প্রত্যাশা ও দীর্ঘ অনুপস্থিতির রাজনৈতিক হিসাব—সবকিছু মিলিয়ে তাঁর প্রার্থীতা নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়।

এই প্রশ্নগুলোর জবাব না দিয়েই মনোনয়ন চাপিয়ে দেওয়া হলে বিদ্রোহ অনিবার্য হয়—চান্দিনা তারই উদাহরণ।অন্যদিকে, একাধিক ইসলামপন্থী দলের প্রার্থী মাঠে থাকা এই আসনকে আরও অনিশ্চিত করে তুলেছে।

এতে ভোট বিভাজনের ঝুঁকি বাড়ছে, কিন্তু সেটি আদর্শিক শক্তির বহিঃপ্রকাশ নয়—বরং রাজনৈতিক কৌশলের অভাবেরই ফল।এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে হতাশাজনক দিক হলো ভোটারদের অবস্থান।

রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল, বিদ্রোহ আর ক্ষমতার হিসাব-নিকাশে সাধারণ ভোটার আবারও উপেক্ষিত। উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা কিংবা জীবনমান—এসব প্রশ্ন মনোনয়ন জমার দিনেই আড়ালে চলে গেছে।

চান্দিনার ভোটের ইতিহাস স্পষ্ট করে বলে—এখানে শেষ কথা বলে ভোটার উপস্থিতি ও সংগঠনের শক্তি। কিন্তু বিভক্ত সংগঠন, অস্পষ্ট বার্তা ও আত্মঘাতী রাজনীতির পরিণতি কখনোই ইতিবাচক হয় না।তাই বলতে হয়—চান্দিনার মনোনয়ন রাজনীতি একটি সতর্ক ঘণ্টা নয়, এটি জোরালো অ্যালার্ম।

দলগুলো যদি এখনো আত্মসমালোচনায় না যায়, তবে এই আসনে পরাজয় শুধু নির্বাচনী হবে না—তা হবে রাজনৈতিক বিশ্বাসযোগ্যতারও।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ