
ওমর ফারুক, পার্বত্য চট্টগ্রাম।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য হেমা চাকমার বাবার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করে মানবিক সহায়তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পাহাড়ি অঞ্চলে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর ২০২৫) সকালে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই চিকিৎসা সহায়তা হস্তান্তর করা হয়। খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর মো. জায়েদ-উর-রহমান অয়ন হেমা চাকমার পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
অনুষ্ঠানে জানানো হয়, ডাকসু সদস্য হেমা চাকমার বাবা ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন এবং তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে। এই প্রেক্ষাপটে মানবিক বিবেচনায় বাংলাদেশ সেনাবাহিনী তাঁর চিকিৎসার দায়িত্ব গ্রহণ করে প্রাথমিকভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করে।
সহায়তা গ্রহণকালে অনিল চন্দ্র চাকমা বলেন, কঠিন সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর পাশে দাঁড়ানো তাদের পরিবারের জন্য বড় স্বস্তির বিষয়। তিনি এই মানবিক সহায়তার জন্য সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরেই বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তা দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। দুর্গম ও প্রত্যন্ত এলাকায় অসহায় ও অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তায় সেনাবাহিনীর এমন উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও সহযোগিতার পরিবেশ আরও জোরদার করছে।
অনুষ্ঠানে সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তাঁরা সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, এই সহায়তার মাধ্যমে পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বার্তা আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন স্থানীয়রা।