বাগেরহাট-৪ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক:

 

বাগেরহাট-৪ (শরণখোলা–মোড়েলগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন নিয়ে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। দলটির প্রার্থী হিসেবে সাবেক আওয়ামী লীগ নেতা সোমনাথ দে’র নাম সামনে আসতেই তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
তৃণমূল বিএনপির অভিযোগ, মনোনয়নপ্রাপ্ত হিসেবে আলোচিত সোমনাথ দে জুলাই–আগস্ট গণআন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই মামলার আসামি। অথচ আদালত থেকে অব্যাহতি পাওয়ার আগেই তাকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে—যা দলীয় আদর্শ ও শহিদদের আত্মত্যাগের সঙ্গে সাংঘর্ষিক।
বিশেষ সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী থানার এফআইআর নং–১০১, তারিখ ২৮ জানুয়ারি ২০২৫; জিআর নং–১০১ মামলায় এজাহারনামীয় ১৩৮ নম্বর আসামি হিসেবে সোমনাথ দে’র নাম রয়েছে। মামলায় তার পিতার নাম হরিপদ দে এবং ঠিকানা মোড়েলগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সেরেস্তাদার বাড়ি বলে উল্লেখ রয়েছে।
এ বিষয়ে তৃণমূল বিএনপির নেতৃবৃন্দ দাবি করেন, একজন চিহ্নিত স্বৈরাচারী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে মনোনয়ন দিলে দল মাঠপর্যায়ে চরম ক্ষতির মুখে পড়বে। তারা স্পষ্ট করে বলেন, বিএনপির একজন পরীক্ষিত ও দীর্ঘদিনের মাঠের নেতাকেই ধানের শীষ প্রতীক দেওয়া উচিত।
এদিকে দলীয় সূত্র জানায়, বাগেরহাট জেলার ১, ২ ও ৩ আসনে মনোনয়ন চূড়ান্ত হলেও বাগেরহাট-৪ আসনের মনোনয়ন আপাতত স্থগিত রাখা হয়েছে। বিএনপির মহাসচিব এ প্রসঙ্গে জানান, বাগেরহাট-৪ আসনের মনোনয়ন নিয়ে উদ্ভূত পরিস্থিতি দল গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় রাজনৈতিক বিশ্লেষণ শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
স্থানীয় নেতাকর্মীদের মতে, জুলাই–আগস্টের শহিদদের আত্মত্যাগের প্রেক্ষাপটে এ ধরনের মনোনয়ন জনমনে নেতিবাচক বার্তা দেবে এবং এটি শহিদদের প্রতি অবিচারের শামিল।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ