ফেনীর ছাগলনাইয়ায় র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ আটক ১

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় এক বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ একজনকে আটক করেছে র‍্যাব-৭, সিপিসি-১ ফেনী ক্যাম্প। বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) বিকেলে উপজেলার উত্তর পানুয়া এলাকায় পরিচালিত এই অভিযানে ৬৪ কেজি গাঁজা জব্দ করা হয়। আটক ব্যক্তির নাম ওমর ফারুক (৩২)। তিনি একজন পেশাদার মাদক কারবারি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

​গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি চক্র সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের বড় একটি চালান নিয়ে মাইক্রোবাস যোগে অন্যত্র সরিয়ে নিচ্ছে। এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য র‍্যাবের একটি আভিযানিক দল ২৪ ডিসেম্বর বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ছাগলনাইয়া থানাধীন উত্তর পানুয়া ৪ নম্বর ওয়ার্ডের লস্কর দিঘীর পাড় এলাকায় অবস্থান নেয়। সেখানে ওমানী হক ট্রেডার্স (প্রোঃ ওবায়দুল হক)-এর সামনে পাকা রাস্তার ওপর একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। চেকপোস্টের কার্যক্রম চলাকালে একটি সাদা রঙের টয়োটা মাইক্রোবাসকে থামার সংকেত দেওয়া হলে চালক গাড়িটি থামিয়ে দ্রুত নেমে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে তাকে আটক করা হয়।

​আটকের পর ওমর ফারুকের দেওয়া তথ্যের ভিত্তিতে গাড়িটিতে তল্লাশি চালায় আভিযানিক দল। এ সময় গাড়ির ভেতরে থাকা তিনটি কালো ও একটি সিলভার রঙের কাপড়ের ব্যাগ থেকে মোট ৩২টি গাঁজার বান্ডিল উদ্ধার করা হয়। প্রতিটি বান্ডিল আকাশি রঙের পলিথিন ও খাকি কসটেপ দিয়ে মোড়ানো ছিল। উদ্ধারকৃত ৬৪ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য ৬ লক্ষ ৪০ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-চ-১৪-১০৪৮ নম্বরের টয়োটা মাইক্রোবাসটিও জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। তল্লাশিকালে আটকের হেফাজত থেকে একটি স্মার্টফোন, নগদ ১৮৮০ টাকা, একটি মানিব্যাগ, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ওমর ফারুক স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘ দিন ধরে সুকৌশলে ছাগলনাইয়ার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে আসছেন। পরবর্তীতে এসব মাদক চট্টগ্রাম ও কক্সবাজারসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মাদক কারবারি ও সেবনকারীদের কাছে চড়া দামে বিক্রি করতেন। এ ঘটনায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণি ১৯ (গ)/৩৮ ধারায় ছাগলনাইয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য পুলিশে হস্তান্তর করা হয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ