
মো: রফিকুল ইসলাম নড়াইলঃ
নড়াইলের কালিয়ায় মুসলিমদের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন শরীফে লাথি দেওয়া ও প্রস্রাব করার অভিযোগে হামিম মোল্যা (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে নড়াগাতি থানা পুলিশ।
আটক ঐ যুবক কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের চোরখালি গ্রামের রুহুল মোল্যার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন,নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আঃ রহিম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে অভিযুক্ত হামিম মোল্যা পবিত্র কোরআন শরীফে লাথি মেরে কোরআন শরীফের উপর প্রসাব করে। এ সময় স্থানীয় কয়েকজন এ ঘটনা দেখে ফেললে সে ওই স্থান থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকালে স্থানীয়রা তাকে খুঁজে মারধরের চেষ্টা করলে অভিযুক্ত হামিম মোল্যা বড়দিয়া বাজারের ব্যবসায়ী জিয়ার দোকানে আশ্রয় নেন। পবিত্র কোরআন শরীফে লাথি ও প্রসাব করার ঘটনা জানাজানির পর স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানেরা অভিযুক্ত ওই যুবকের বিচারের দাবিতে বড়দিয়া বাজারে জড়ো হন।
পরে বাজারের ব্যবসায়ীরা নড়াগাতি থানায় খবর দিলে পুলিশ এসে তাকে হেফাজতে নেন।
এ বিষয়ে নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আঃ রহিম জানান,পবিত্র কোরআন শরীফে লাথি ও প্রস্রাব করার অভিযোগে হামীম মোল্যা নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে নড়াগাতি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।