
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ প্রতীকে নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে চুড়ান্ত মনোনয়নপত্র পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী।
চুড়ান্ত মনোনয়নপত্র পাওয়ায় বুধবার (২৪ ডিসেম্বর) তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক পোস্টে লেখেন- দীর্ঘ ৪২ বছরের রাজনৈতিক জীবনের পথচলায় এটি আমার দলের ঐতিহাসিক স্বীকৃতি। আবেগ, উচ্ছ্বাস ও আনন্দের অশ্রুতে ভেসে যাওয়ার মতো এইমুহূর্তে এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বরং দলের সর্বস্তরের নেতা-কর্মীদের সম্মিলিত ত্যাগ ও সংগ্রামের ফল। রাজপথে আন্দোলন-সংগ্রামে নেতা- কর্মীদের অগণিত ঘাম ও রক্ত ঝরেছে। জেল-জুলুম, নির্যাতন ও নিপিড়নের দীর্ঘ অধ্যায় অতিক্রম করেই আজকের এই সাফল্য এসেছে। এই অর্জনের পেছনে দলের সকল নেতা-কর্মীদের অবদান রয়েছে যা কখনোই ভুলবার নয়। আগামী ২০২৬ ইং সনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের আশাবাদ ব্যক্ত করে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, নেতা-কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই মনোনয়নকে বিজয়ে রুপান্তরিত করবো ইনশাআল্লাহ।
চুড়ান্ত মনোনয়নপত্র প্রাপ্তির খবরে নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আনন্দ ও উৎসাহ।