
নিজস্ব সংবাদদাতা :
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ফেনী-৩ আসনে নির্বাচনী তৎপরতা ক্রমেই বাড়ছে। অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশায় দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার ভোটারদের মধ্যে নতুন করে আগ্রহ দেখা দিয়েছে। এই প্রেক্ষাপটে আলোচনায় উঠে এসেছেন মোঃ সাইফ উদ্দিন শিপন, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে মাঠপর্যায়ে প্রচার ও গণসংযোগে সক্রিয় সময় পার করছেন।
দীর্ঘ সময় ধরে দেশের রাজনৈতিক অচলাবস্থার পর আসন্ন নির্বাচন ঘিরে জনমনে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। ফেনী-৩ আসনের বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে, প্রার্থীরা বৈষম্যহীন ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের অঙ্গীকার নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন। তবে একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগও প্রকাশ করছেন স্থানীয়রা। সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় প্রার্থীদের ওপর হামলার ঘটনার প্রেক্ষাপটে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জোরালো হয়েছে।
এই বাস্তবতায় সাইফ উদ্দিন শিপন পরিচ্ছন্ন ও জনসম্পৃক্ত রাজনীতির কথা তুলে ধরে প্রচার চালাচ্ছেন। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগরের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পিতৃভূমি দাগনভূঞা ও সোনাগাজীর মানুষের সেবা, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার তার প্রচারের মূল প্রতিপাদ্য।
চট্টগ্রামের একজন পরিচিত ব্যবসায়ী হিসেবে সাইফ উদ্দিন শিপন দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত। বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা, পুনর্বাসন কার্যক্রম, করোনা মহামারীতে আর্থিক সহায়তা, দাফন কার্যক্রমে সহযোগিতা এবং বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে থাকার অভিজ্ঞতা তাকে এলাকায় পরিচিত করেছে। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার কারণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার যোগাযোগ তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, মানুষের কথা শোনার মানসিকতা ও সহজ উপস্থিতিই শিপনের বড় শক্তি। তাদের মতে, ক্ষমতার রাজনীতির চেয়ে সেবার রাজনীতিকে গুরুত্ব দেওয়ায় তিনি অনেকের আস্থা অর্জন করেছেন। একাধিক বাসিন্দা জানান, সংকটে তাকে পাশে পেয়েছেন এবং কথার সঙ্গে কাজের মিল দেখেছেন।
নিজের অবস্থান তুলে ধরে সাইফ উদ্দিন শিপন বলেন, দাগনভূঞা ও সোনাগাজীর মানুষের অধিকার, নিরাপত্তা ও সম্মানের প্রশ্নেই তার রাজনৈতিক পথচলা। ইনসাফভিত্তিক ও মানবিক সমাজ গঠনের লক্ষ্য নিয়ে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন বলে জানান। নির্বাচিত হলে ফেনী-৩ আসনের মানুষ যেন রাষ্ট্রীয় অবহেলা থেকে মুক্ত থাকে, সে বিষয়ে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই প্রার্থী ঘোষণা করার পর তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ব্যাপক প্রচার ও গণসংযোগের মধ্য দিয়ে নির্বাচনের প্রস্তুতি এগিয়ে চলছে। স্থানীয়দের ধারণা, ধারাবাহিক মাঠপর্যায়ের কাজ ও মানবিক কর্মকাণ্ডের কারণে ফেনী-৩ আসনে সাইফ উদ্দিন শিপন ধীরে ধীরে ভোটারদের ভরসার প্রতীকে পরিণত হচ্ছেন।