
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)
নেত্রকোণার কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আওতায়, অ্যাম্বিশন মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ ইং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) কেন্দুয়া সরকারি কলেজ প্রাঙ্গণে উপজেলার ১৮ টি স্কুলের প্লে থেকে চতুর্থ শ্রেণির ৭’শ ৪৫ জন শিশু শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা সকাল ১১ টা থেকে শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়। পরীক্ষার প্রশ্ন প্রণয়ন থেকে শুরু করে খাতা মূল্যায়ন পর্যন্ত পুরো প্রক্রিয়ার দায়িত্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ।
পরীক্ষা পরিদর্শন শেষে কেন্দুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ ছোট ছোট কোমলমতি শিশুদের জন্য এরকম একটা বড় পরিসরে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ও স্বচ্ছতার সহিত পরীক্ষা পদ্ধতি আয়োজন করায় উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন আহমেদ খোকন সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান
উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও সাফিয়া খোরশেদ আহমেদ মডেল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক জসিম উদ্দিন আহমেদ খোকন বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড।
আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ। শিশুকে শুধু লেখাপড়া শেখালেই হবে না, পাশাপাশি তাকে পারিবারিক এবং নৈতিক শিক্ষাও দিতে হবে, তার জন্য অভিভাবকদের ভূমিকা অনেক।
আজকের বৃত্তি পরীক্ষায় প্রায় ৭’শ ৪৫ জন শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করেছে সবাই বৃত্তি পাবে এমনটা কিন্তু নয়, তবে পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে তাদের মেধাটা কতটুকু তা যাচাই হচ্ছে।
আজকের পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খলভাবে ও স্বচ্ছতার সাথে অনুষ্ঠিত হওয়ায় পরীক্ষা সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান শিক্ষানুরাগী জসিম উদ্দিন আহমেদ খোকন।