
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ১৬ ডিসেম্বর ২০২৫ মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মার্চ পাস্ট ও ডিসপ্লে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবসের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শৃঙ্খলা, ছন্দময় পদচারণা ও নান্দনিক ডিসপ্লের মাধ্যমে দর্শক ও বিচারকমণ্ডলীর দৃষ্টি কাড়ে সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশপ্রেমে উদ্বুদ্ধ উপস্থাপনা ও নিখুঁত সমন্বয়ের জন্য সর্বোচ্চ নম্বর পেয়ে তারা চ্যাম্পিয়ন নির্বাচিত হয়।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বাঙ্গালী বলেন, বিজয় দিবস আমাদের জাতীয় চেতনার প্রতীক। এই অর্জন শিক্ষার্থীদের নিষ্ঠা, শৃঙ্খলা ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। শিক্ষার্থীরা দেশপ্রেম, নেতৃত্ব ও দায়িত্ববোধের যে পরিচয় দিয়েছে, তা আমাদের সবাইকে গর্বিত করেছে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও সহশিক্ষা কার্যক্রমে দক্ষ করে গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাবে।
ফলাফল ঘোষণার পর বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই সাফল্য শিক্ষার্থীদের আগামী দিনে আরও বড় অর্জনের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।
উল্লেখ্য বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা সহ সর্বস্তরের সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।