নিজস্ব সংবাদদাতা :
ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে গভীর রাতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) রাত ১১টা থেকে রাত ২টা ২০ মিনিট পর্যন্ত চলা এই অভিযানে অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনকে গ্রেপ্তার করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ফসলি জমির উপরিভাগের মাটি কেটে বিক্রির সংবাদ পেয়ে প্রশাসনের পক্ষ থেকে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দ করা হয়। তবে ভারী এই যন্ত্রটি ঘটনাস্থল থেকে থানায় স্থানান্তর করা সম্ভব না হওয়ায় সেটিকে স্পটেই অকেজো করে দেওয়া হয়েছে। স্থানীয় ফসলি জমি রক্ষায় প্রশাসনের এমন কঠোর অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকাবাসী।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন দাগনভূঞার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম। তিনি জানান, আটক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিকভাবে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনীর দুটি দল সহযোগিতা করে।