
ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে সকল প্রচারণামূলক ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু করেছেন ৫৮ নাটোর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী নিজে ও তার কর্মীরা।
সরেজমিনে দেখা যায়, শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত লালপুর ও বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলার কার্যক্রমে অংশ নেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। বিশেষ করে বাগাতিপাড়া উপজেলা চত্বর ও পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কজুড়ে ব্যানার ও প্যানাফ্লেক্স অপসারণে তারা সক্রিয় ভূমিকা নেন।
এ বিষয়ে বাগাতিপাড়া পৌর জামায়াতে ভারপ্রাপ্ত আমির হাফেজ রবিউল ইসলাম বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যেই জামায়াতের সকল ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলা হচ্ছে। জামায়াত নির্বাচনী তফসিলকে স্বাগত জানিয়েছে এবং জামায়াত আশা করে সারা দেশে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আচরণবিধি কঠোরভাবে অনুসরণ করাই জামায়াতের অঙ্গীকার।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির আনোয়ার হোসেন মুজাহিদ, উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক গোলাম মোস্তফসহ অনান্য নেতা কর্মীরা।
তফসিল ঘোষণার পরপরই দলীয়ভাবে এমন উদ্যোগকে স্থানীয়রা দায়িত্বশীলতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।