
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নে রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮৫ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, বোরো উফশী ধানের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ মোসলেহ উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে বৃহস্পতিবার ১১ ডিসেম্বর সকাল ১০টায় খুশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
স্থানীয় কৃষি খাতের উন্নয়ন এবং প্রান্তিক চাষিদের রবি শস্য ও বোরো আবাদে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। মেসার্স জোবায়ের পেইন্ট সেন্টারের স্বত্বাধিকারী মোহাম্মদ মোসলেহ উদ্দিনের অর্থায়নে জায়লস্কর ইউনিয়নের খুশিপুর ও উত্তর নেয়াজপুর এলাকার নির্বাচিত কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়। চলমান রবি মৌসুমে ফসলের উৎপাদন খরচ কমানো এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই সহায়তা ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন সাইফুলের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জায়লস্কর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ফখরুল ইসলাম মামুন। উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আমীর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোশাররফ হোসেন এবং দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। বক্তারা কৃষি খাতে বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগের প্রশংসা করেন এবং বিত্তবানদের সমাজের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।
সকাল থেকেই খুশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপকারভোগী কৃষকরা সমবেত হন। কৃষি উপকরণ হাতে পেয়ে স্থানীয় কৃষকরা সন্তোষ প্রকাশ করেন। বিতরণ অনুষ্ঠানে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।