মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের কালিয়া উপজেলায় অবৈধ ভাবে স্থাপিত ছয়টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিনব্যাপী চলা অভিযানে ইটভাটা গুলোর চিমনি,কীলন ও কাঁচা ইট ভেঙে ফেলা হয়।
পাশাপাশি ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ভাটার আগুন সম্পূর্ণ নেভানো হয়। অভিযানে নেতৃত্ব দেন, পরিবেশ অধিদফতর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। পরিচালনায় ছিলেন,পরিবেশ অধিদফতর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক মিয়া।
এসময় জেলা পুলিশ,কালিয়া থানা পুলিশ,আনসার ভিডিপি সদস্য,ফায়ার সার্ভিস এবং আর্মি ক্যাম্পের সদস্য'রা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়,কালিয়া উপজেলার বাবুপুর বাজার, বাঁকা-জুকা,পাটনা ও বড়নাল বাজার এলাকায় সনাতন পদ্ধতির ড্রাম চিমনি বিশিষ্ট মেসার্স বি বি সি ব্রিকস,মেসার্স এস এস বি ব্রিকস,মেসার্স স্টোন ব্রিকস,মেসার্স চৌধুরী ব্রিকস,মেসার্স আর বি আই ব্রিকস এবং জিগজ্যাগ পদ্ধতির মেসার্স এস এম বি ব্রিকস।
এই ছয়টি ভাটা আইন বহির্ভূতভাবে পরিচালিত হচ্ছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন,“ইটভাটায় কাঠ পুড়িয়ে পরিবেশের যে ভয়াবহ ক্ষতি করা হচ্ছে,তার প্রতিকারেই এই অভিযানে অবৈধ ছয়টি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে।
ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে। পরিবেশ অধিদফতর জানিয়েছে, নিয়ম-নীতিবহির্ভূত ইটভাটা পরিবেশ,কৃষিজমি ও জনস্বাস্থ্যকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। তাই জেলার সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।