
ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতা:
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা-গড়বে আগামীর সুদ্ধতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালন করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সেখান থেকে একটি মানববন্ধন বের হয়ে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। মানববন্ধন শেষে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ আলাউদ্দিন। তিনি বলেন, দুর্নীতি একটি জাতির অগ্রযাত্রার প্রধান বাধা। সুশাসন প্রতিষ্ঠায় প্রতিটি স্তরে দুর্নীতিরর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি।তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে সততার মুল্যবোধ ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মোঃ রেজওয়ানুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাগাতিপাড়া মডেল থানার সাব-ইন্সপেক্টর আব্দুল মান্নানসহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কমিটির সহ-সভাপতি জনাব মোহাম্মদ মাহবুব হোসেন। তিনি বলেন, দুর্নীতি দমন শুধু আইনি প্রক্রিয়া নয় এটি একটি সামাজিক দায়িত্ব।
সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সততা চর্চা করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।