নড়াইলে পুকুর পাড়ে মিলল কিশোরের মরদেহ

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

 

নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুর পাড় থেকে মো. তাজিম মোল্যা (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।
রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের চর-আড়িয়াড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তারোক বিশ্বাস মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। মো. তাজিম মোল্যা লোহাগড়া উপজেলার চর-আড়িয়াড়া গ্রামের সৌদি প্রবাসী মো.শহিদুল মোল্যার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার রাতে তাজিম ও তার বন্ধুরা মিলে স্থানীয় এক দোকানে ক্যারামবোর্ড খেলছিল। পরে সে আর বাড়ি ফেরেনি। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্নস্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান মেলেনি। রোববার সকালে তাজিমের বাড়ির কিছুপথ দূরে হবি মৃধার বাড়ির পাশের পুকুর পাড়ে এক মরদেহ দেখতে পান স্থানীয়রা। মরদেহ পাওয়ার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে তাজিমের মরদেহ শনাক্ত করে তার পরিবার। এদিকে,মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে বেলা সাড়ে ১১টার দিকে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে পুলিশ তাজিমের তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়। প্রাথমিকভাবে তারা জানায়,তাজিম বন্ধুদের নিয়ে রাতে ডাব চুরি করতে যায়। এসময় তাজিম গাছ থেকে পড়ে গিয়ে মারা যায়। লোহাগড়া থানা পুলিশের এসআই তারোক বিশ্বাস বলেন,মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তাজিমের তিন বন্ধুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ