গভীর রাতে স্কুলের তালা কেটে চুরি, সরঞ্জমসহ পুলিশ চেকপোস্টে ধরা

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

​ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নে গভীর রাতে পুলিশি চেকপোস্টে তল্লাশিকালে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চুরি যাওয়া বিপুল পরিমাণ মালামাল ও চুরির সরঞ্জামসহ আন্তঃজেলা চোর চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। বুধবার ৩ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ৩টার সময় ফেনী মডেল থানাধীন ৫ নম্বর কাজিরবাগ ইউনিয়নের গিল্লাবাড়ীয়া এলাকায় পাকা রাস্তার ওপর এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তির নাম মো. আরিফ উদ্দিন বাহার প্রকাশ শাহেদ (৩৫)। তিনি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের (সাবেক দৌলতপুর) মুফতি নজির আহাম্মদ শাহ বাড়ীর মো. নাছির উদ্দিন ও মরিয়ম বেগমের পুত্র। তার স্ত্রীর নাম জান্নাতুল ফেরদৌস শিমু।

​পুলিশ সূত্রে জানা যায়, গিল্লাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জাহাঙ্গীরের চা দোকানের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল পুলিশ। এ সময় হাতে একাধিক ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আরিফ উদ্দিনকে থামানো হয়। ব্যাগের ভেতর রক্ষিত মালামাল সম্পর্কে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। পরবর্তীতে পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, অজ্ঞাতনামা ২-৩ জন সহযোগীকে নিয়ে তিনি স্কুলের মূল কেচি গেটের তালা কেটে এবং অফিস কক্ষের দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করেন। তিনি মূলত বিভিন্ন পেশার আড়ালে স্কুল চুরির সঙ্গে জড়িত একজন পেশাদার অপরাধী।

​আটকের পর স্থানীয়দের সহায়তায় পুলিশ স্কুলে গিয়ে ঘটনার সত্যতা পায় এবং স্কুল কর্তৃপক্ষ উদ্ধারকৃত মালামাল নিজেদের বলে শনাক্ত করে। উদ্ধারকৃত মালামালের তালিকায় রয়েছে—‘JOSEPH’ ব্র্যান্ডের একটি পোর্টেবল এমপ্লিফায়ার, ‘MIC’ লেখা একটি অডিও হ্যান্ড মাইক্রো স্পিকার, একটি স্ট্যাপলার, ‘ACTIVE’ ব্র্যান্ডের ডিজিটাল ওজন মাপার যন্ত্র, হাই সেন্সিটিভিটি ওয়াইড রেঞ্জ সিস্টেমের আরেকটি এমপ্লিফায়ার, একটি কালো রঙের মাইক্রোফোন, ‘CITISUN SPECUAL’ ব্র্যান্ডের দেয়াল ঘড়ি, ‘MEGA’ ও ‘MAXPLUS’ নামের দুটি ডিজিটাল ক্যালকুলেটর এবং ‘MIYAKO’ ব্র্যান্ডের একটি ইলেকট্রনিক কেটলি। এছাড়া অফিসের ড্রয়ার থেকে চুরি করা নগদ ১ হাজার ৬৪০ টাকাও উদ্ধার করা হয়। চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামের মধ্যে প্রায় ১২ ইঞ্চি লম্বা একটি হেসকো ব্লেড, ২০ ইঞ্চি লম্বা লোহার শাবল, একটি হাতুড়ি, একটি ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার এবং একটি ভাঙা তালা জব্দ করা হয়েছে।

​এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যার নম্বর ০৬/৭২১। আটককৃতের বিরুদ্ধে পেনাল কোডের ৪৫৭ ও ৩৮০ ধারায় মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ