রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)
দেশের খ্যাতিমান কবি হেলার হাফিজের ছোটভাই, কবি নেহাল হাফিজ আর নেই।
তিনি গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। কবির শিক্ষিকা
স্ত্রী, দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি ছিলেন একজন সাহিত্যপ্রেমী, তাঁর লেখায় মানবপ্রেম, দেশ, নৈঃশব্দ্য আর বেদনার সুর ছিল অনন্য। নীরবে-নিভৃতে লেখালেখি করলেও সাহিত্য অঙ্গনে তাঁর সৃষ্টির স্বর ক্রমেই সমাদৃত হয়ে উঠেছিল।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সাহিত্যপ্রেমীসহ স্থানীয় সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে প্রথম জানাজার পর নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নিজ বাড়ি বড়তলী গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
তাঁর মৃত্যুতে সাহিত্যাঙ্গন এক শান্ত স্বরের কবিকে হারালো। কবি নেহাল হাফিজ কেন্দুয়া রিপোটার্স ক্লাবের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ছিলেন। কবির মৃত্যুতে কেন্দুয়া রিপোটার্স ক্লাব শোক বার্তায় তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
